পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় সংসদ ভবনে দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। ঐতিহাসিক এই সংসদ ভবনে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে উপস্থিত হওয়ার মুহূর্তকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার সাথে যুক্ত এক আবেগঘন স্মৃতি হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ অনুভূতির কথা জানান হুমাম কাদের চৌধুরী।
পোস্টে তিনি লেখেন, ‘ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’
তিনি আরও লেখেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা তাকে পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ইতিহাস শুধু অতীতের সাথে যুক্ত করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।
হুমাম কাদের চৌধুরীর ভাষায়, ছবিটি তার কাছে কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সাথে জড়িয়ে থাকা দায়িত্ববোধের অনন্য স্মারক।
উল্লেখ্য, হুমাম কাদের চৌধুরী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিএনপি নেতা ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ছিলেন।


