ভারতের পশ্চিমবঙ্গে ছটপূজাকে কেন্দ্র করে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে। পাশাপাশি অন্যান্য দিনেও কাটা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটমেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বীরভূমের রামপুরহাট পৌরসভার এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের নেতারা। তাদের অভিযোগ, ধর্মীয় উৎসবের নামে বাংলার মানুষের খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক ঐতিহ্যে হস্তক্ষেপ করা হচ্ছে।
পৌর চেয়ারম্যানের দাবি, ছটপূজার শোভাযাত্রার পথে কয়েকটি দোকানে প্রকাশ্যে পশু জবাই করা হচ্ছিল। আগে দোকানগুলো আড়াল করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। স্থানীয়দের আপত্তির পর পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ নির্দেশের বিরোধিতা করেছে সিপিএম ও কংগ্রেস। সিপিএম নেতা সঞ্জীব মল্লিকের অভিযোগ, বাংলার নিজস্ব সংস্কৃতির জায়গায় অন্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কংগ্রেসের সাবেক বিধায়ক মিল্টন রশিদের দাবি, বিজেপিকে খুশি করতেই এ নির্দেশ জারি করেছেন পৌর চেয়ারম্যান।
সমালোচকদের প্রশ্ন, পাশের তারাপীঠ মন্দিরে বড় ধর্মীয় উৎসবের সময় মাংসের দোকান বন্ধের নির্দেশ দেওয়া না হলেও ছটপূজার ক্ষেত্রে কেন এমন বিধিনিষেধ? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।


