রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন সাগুতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুতা ফুড কার্ডের সামনে কাজ করছিলেন।
এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। বাসটির চালক মো. সাদ্দাম। অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


