টাইমস টুডে প্রতিবেদক
পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের পদটি প্রায় আড়াই মাস ধরে ফাঁকা। সাবেক মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানের প্রধানের পদটি ফাঁকা রয়েছে। তবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের পদে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার।
জানা গেছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনেকে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মহাপরিচালক হিসেবে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তী নতুন মহাপরিচালক কে হচ্ছে তা নিয়ে অধিদফতরে কর্মকর্তাদের মধ্য গুঞ্জন। অধিদফতরের কাজে গতি আনতে যতদ্রুত সম্ভব নতুন একজন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের।
পরিবেশ অধিদফতরের পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরী টাইমস টুডেকে বলেন, এখনও নতুন মহাপরিচালক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আতিরিক্ত দায়িত্ব হিসেবে ড. নুরুন নাহার দায়িত্ব পালন করছেন। নিয়মিত মন্ত্রণালয় ও অধিদফতরে অফিস করছেন, এমনকি কাজের স্বার্থে অনালাইনেও সক্রিয় থাকছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৯ জানুয়ারি সাবেক মহাপরিচালক কামরুজ্জামান জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির রেক্টর হিসেবে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। এরপর থেকেই দায়িত্ব পালন করে আসছেন নুরুন নাহার। অন্য অনেকের সাথে পরবর্তী মহাপরিচালক হিসেবে নুরুন নাহারও আলোচনায় রয়েছেন।
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুরুন নাহার বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক নিয়োগের কথা শুনতে পাচ্ছি কিন্তু এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। খুব শিগগিরই নিয়োগ দেওয়া হতে পারে।

