...|...|...

সারাদেশ

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুইজন নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৯
Shares
পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুইজন নিখোঁজ

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমেছেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০)। তার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। অপরজন মো. রাসেল (৩৫), তার বাড়ি পটুয়াখালীতে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।