চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছে উঠে ডাল কাটার জন্য কোপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫)। তিনি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা মাগো বলে তার চিৎকার শুনতে পান। এ সময় নিচে থাকা তার মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন অংশে আগুনের শিখা দেখা যাচ্ছে। এসময় তিনি নিস্তেজ হয়ে মুহূর্তের মধ্যেই গাছের ওপর তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে তার লাশ নিচে নামিয়ে আনা হয়।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


