শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে যান চলাচল বন্ধ রাখার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্র ধর্মঘট কর্মসূচির নামে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
জানা গেছে, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’ নামের ফেসবুক আইডিসহ একাধিক আইডি থেকে কর্মসূচিটি সরাসরি সম্প্রচার করা হয়। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়েছেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে অবস্থান করেন তারা। এতে সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
অবরোধ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কিংবা গাড়ি ভাঙচুরের সাথে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে অবরোধকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে বিভিন্ন দিক থেকে নেতাকর্মীরা টোলপ্লাজা এলাকায় জড়ো হতে শুরু করলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটকে তালা লাগিয়ে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা বলে জানা গেছে।
ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানার কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। ফলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


