...|...|...

জাতীয়

পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:১২
Shares
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

এ সময়ে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, সে লক্ষ্যেই প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ সময়ে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বাড়বে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীসংলগ্ন খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীতে নজরদারি ও অভিযানও জোরদার করা হবে।

নিষেধাজ্ঞা শুরুর আগেই চাঁদপুরের জেলেরা নদী থেকে নৌকা ও জাল তীরে তুলে আনতে শুরু করেছেন। জেলার ৫০ হাজারের বেশি জেলে এখন নদীর পরিবর্তে তীরেই ব্যস্ত সময় পার করছেন। কোথাও নৌকা মেরামত করা হচ্ছে, আবার কোথাও জাল শুকিয়ে নিরাপদে তুলে রাখা হচ্ছে।

৪১ হাজারের বেশি জেলে পরিবার পাবে খাদ্য সহায়তা
নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সহায়তায় চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার পাবে ২৫ কেজি করে খাদ্যশস্য।

মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা আশা করছেন, জেলেদের সহায়তা নিশ্চিত করার পাশাপাশি কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত হবে এবং এর সুফল মিলবে ইলিশের উৎপাদনে।