সরকার পদ্মা নদীর ওপর দ্বিতীয় আরেকটি সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ‘পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু’ নামের ওই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে তা পাবনা ছাড়াও দেশের উত্তরবঙ্গের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ওয়াই-টাইপ (Y-Type) সেতু হলো ইংরেজি ‘Y’ অক্ষরের আকৃতিতে তৈরি বা প্রস্তাবিত একটি বিশেষ বহুমুখী যোগাযোগ অবকাঠামো, যা একসাথে তিনটি ভিন্ন দিক বা অঞ্চলকে সরাসরি সংযুক্ত করে।
দ্বিতীয় পদ্মা সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সেতুটি ওয়াই-আকৃতি (Y-shaped) বা ত্রিমুখী জংশন করার একটি প্রস্তাবনা ও স্থানীয় দাবি রয়েছে, যা পাবনা ও উত্তরবঙ্গের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ রক্ষা করবে। পদ্মা ব্যারাজ প্রকল্পের সাথে সমন্বয় করে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তিনটি প্রকল্পই বাস্তবায়ন হবে। পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ সেতু এবং যমুনা দ্বিতীয় সেতু। ফিজিবিলিটি স্টাডি আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সরকার প্রকল্প তিনটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত এবং প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।


