ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুই শিল্পাঞ্চলের অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের দিন বন্ধ থাকা কারখানাগুলোও বুধবার খোলেনি।
সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করেন। পুলিশ মাইকিং করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ কারণে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবি জানাচ্ছেন তারা।
পুলিশ জানায়, সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কিছু সময় পর কারখানা থেকে বেরিয়ে আসেন। এরপর তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর প্রথমে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে আদিয়াস ফ্যাশন কারখানার শ্রমিকেরাও বেরিয়ে আসেন।
সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সমকালকে বলেন, সাভার ও আশুলিয়ায় অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের দিন বন্ধ থাকা কারখানাগুলোও খোলেনি। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামগড়া এলাকার সাতটি কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো হলো ফ্যাশন ফোরাম লিমিটেড, সাফা সোয়েটার লিমিটেড, উঁচু ফ্যাশন লিমিটেড, দিপস অ্যাপারেলস লিমিটেড, এফ এন এফ অ্যান্ড ট্রেড ফ্যাশন, ফ্যাশন ইট কোম্পানি লিমিটেড এবং আয়েশা ক্লোথিং (পলমল গ্রুপ)।
শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে।


