চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন যাত্রীকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সূত্র ও নৌ-পুলিশ জানায়, কামাল নামে এক মাঝি ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকায় করে সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে নারায়ণপুরের খলিফাচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নদীর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় ১০ জন যাত্রী স্রোতে ভেসে ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করেন।
নৌকার মাঝি মো. কামাল জানান, নৌকাটি চরবাগডাঙ্গার গোয়ালডুবি এলাকা থেকে যাত্রী নিয়ে নারায়ণপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ নৌকাটি ডুবে যায় এবং ১০ মিনিটের মধ্যে ১০ জন যাত্রী ভেসে ভারতের সীমানায় চলে যান।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবির পর ১০ বাংলাদেশিকে ভারতের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছেন। রাতেই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
সবশেষ এ ঘটনার বিষয়ে গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় জানান, ভারতে ১০ জন উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী এখনও একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।


