সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। তবে বহিষ্কারাদেশ নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কেন্দ্রীয় দফতর সেল থেকে পাঠানো আদেশে বার্তা প্রেরক শাকিল আহমেদ ইকবাল জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণিত অভিযোগে আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ফরহাদ সোহেলের নির্দেশে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে বহিষ্কারের পরপরই ফেসবুকে বিস্ফোরক প্রতিক্রিয়া জানান মারুফ আল হামিদ। তিনি লেখেন, ‘একজন পদহীন ব্যক্তিকে বহিষ্কার করা, সমগ্র বিশ্বের পদহীন ব্যক্তিদের বহিষ্কার করার মতো সমান অপরাধ।’
তার এই স্ট্যাটাস মুহূর্তেই জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নেতাকর্মীদের প্রশ্ন, পদ না থাকলে বহিষ্কার কীসের। এ নিয়ে জেলা যুবশক্তি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


