...|...|...

সারাদেশ

পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: ভিসি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭
Shares
পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: ভিসি

চুয়েট উপাচার্য ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

পদত্যাগ এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে আর না ফেরার শর্তে তাকে বের করে নেওয়ার খবরকে অসত্য ও ভিত্তিহীন দাবি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণেই ক্যাম্পাস ছেড়েছেন এবং সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়। এ সময় পদত্যাগ কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি।

উপাচার্য জানান, বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

প্রতিবাদলিপিতে তিনি আরও জানান, তার বক্তব্য না নিয়ে পদত্যাগ ও ক্যাম্পাসে না ফেরার খবর প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থি। একইসাথে তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও একাডেমিক কার্যক্রমের স্বার্থে দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানিয়েছেন চুয়েট উপাচার্য।