...|...|...

বরিশাল

পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগী নিহত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৭
Shares
পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগী নিহত

ছবি: টাইমস টুডে

পটুয়াখালীতে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামে এক রোগী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শহরের পায়রা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন।

নিহত শাকিল পটুয়াখালীর আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে। তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল বিষপান করেছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে আমখোলা থেকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। ওই অ্যাম্বুলেন্সে শাকিলের মা, চাচিসহ মোট ছয়জন ছিলেন।

শাকিলের মা হোসনেয়ারা বেগম জানান, বিষপানের পর শাকিলকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পায়রা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা শাকিল গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন জানান, শাকিলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বিষপানের পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমখোলা থেকে বিষপানের চিকিৎসার জন্য শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।