...|...|...

জাতীয়

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৪
Shares
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। বিপরীতে শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন ২২ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় এখনো মজুরি নির্ধারণে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আরও আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করেন।

এর আগে গতকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর উভয় পক্ষ তাদের প্রাথমিক প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল; পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তোলে। আলোচনার একপর্যায়ে তারা দাবি কমিয়ে ২৫ হাজার টাকা এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেয়।

বোর্ডের এক সদস্য জানান, সোমবার দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের মতপার্থক্য দূর না হওয়ায় রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়েছিল। মুলতবি হওয়া সেই সভা আজ মঙ্গলবার বেলা দুইটায় আবার শুরু হয়। সভায় মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব পর্যালোচনা এবং এ খাতে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব কার্যকর হলে মজুরি বাড়বে ৩ হাজার ২০০ টাকা।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের নিজ নিজ মজুরি প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।