...|...|...

আইন ও আদালত

ন্যাম ভবনের বারান্দায় ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৩
Shares
ন্যাম ভবনের বারান্দায় ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের ফ্ল্যাটের শয়নকক্ষের পাশের বারান্দায়ও ঘুমাতে হতো বলে আদালতকে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে নজরুল ইসলামকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতকে জানান, জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছেন সম্পর্ক সূত্রে নাতনি হলেও পরে ধর্মীয় রীতি অনুযায়ী মরিয়মকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে এলাকায় তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয়। ন্যাম ভবনের ফ্ল্যাটে তিনি প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মকে নিয়ে থাকতেন। তবে মরিয়মকে প্রায়ই শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতে হতো।

নজরুলের আইনজীবী মাহবুবুর রহমান জামিন আবেদন করে দাবি করেন, থানা পুলিশ ও ডিবি দুই দফায় রিমান্ডে নিলেও আত্মহত্যার প্ররোচনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক এই সংসদ সদস্য, তার প্রথম স্ত্রী ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই মরিয়মের সাথে নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তবে ঘটনার পর সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।