...|...|...

চট্টগ্রাম

নৌকাডুবির দুই দিন পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২:৫৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৫
Shares
নৌকাডুবির দুই দিন পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাটে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

নিহত মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দীন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকার রাজাপাথর পর্যটন স্পটে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনার পর থেকেই মাহিয়ান নিখোঁজ ছিলেন।

নিখোঁজের পরদিন শনিবার (২৫ জুলাই) থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য এবং চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের ডুবুরি দলসহ মোট আট সদস্যের উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।

অবশেষে রবিবার সকালে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাটে তার লাশ উদ্ধার করা হয়।

তিন্দুমুখ বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।