...|...|...

বিশ্ব

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ অন্তত ৫

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৯
Shares
নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ অন্তত ৫

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৮২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নয়জন বিদেশি নাগরিক।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার (১০ অক্টোবর) মধ্য নেপালের গোর্খা জেলার চুম্নুব্রি গ্রামে ভূমিধসের কারণে বুধি গণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়। পরে নদীর ভাটির দিকে বন্যা দেখা দেয়। এলাকাটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। বন্যার পানিতে প্রায় এক ডজন ঘরবাড়ি ও দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ক্যাম্পও। ভেসে গেছে প্রকল্পের কিছু নির্মাণসামগ্রী।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কাদামিশ্রিত পানির তীব্র স্রোতে গোর্খার সঙ্গে পার্শ্ববর্তী ধাদিং জেলার সংযোগকারী একটি সেতু ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশের উদ্ধারকারী দল কাজ করছে। হেলিকপ্টার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে,বন্যার আশঙ্কায় নদীর ভাটির দিকের তীরবর্তী গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। গোর্খা ছাড়াও তানাহুন, চিতওয়ান এবং পূর্ব ও পশ্চিম নাওয়ালপরাসি জেলার নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চুম্নুব্রি গ্রামীণ পৌরসভার স্থানীয় কর্মকর্তা লক্ষ্মী গুরুং বলেন, বন্যার দৃশ্য আগের ভয়াবহ বন্যার মতোই ছিল। ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এবার এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া সেপ্টেম্বরের শেষ দিকে ভারী বৃষ্টি ও ভূমিধসে দেশটিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়। একের পর এক দুর্যোগে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে।