...|...|...

খেলা

নেইমারের বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ হতে পারেন ৬ ম্যাচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০
Shares
নেইমারের বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ হতে পারেন ৬ ম্যাচ

ছবি: সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে সান্তোসের তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার ব্রাজিলিয়ান লিগের ম্যাচে বাহিয়াকে ১-০ গোলে হারায় সান্তোস। ওই ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। এ সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

নেইমারের বিরুদ্ধে নেস্টরকে মৌখিকভাবে অপমান করার গুরুতর অভিযোগ তুলেছে বাহিয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের নেস্টর বলেন, নেইমার তাকে যা বলেছেন, তা অত্যন্ত অবমাননাকর। তার মতে, এতে ব্যক্তিগতভাবে তাকে অপমান করার পাশাপাশি বাহিয়া ক্লাবের মর্যাদাও ক্ষুণ্ন করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। মুখ ঢেকে কথা বলাটা ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্টরকে কটূক্তি করার কথা নাকচ করেছেন তিনি। উল্টো নেস্টরের বিরুদ্ধে ফুটবলের অন্যতম ‘নোংরা ও কূটকৌশলী’ আচরণের অভিযোগ তুলেছেন এই ফরোয়ার্ড।

এ ঘটনায় নেইমারের শৃঙ্খলাভঙ্গের মামলার শুনানি আগামী বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

এ শাস্তি হলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ দিকে সান্তোসের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। মৌসুমের শেষ পর্যায়ে এসে যা দলটির জন্য বড় ধাক্কা হতে পারে।

গত মৌসুমে অবনমন থেকে কোনোমতে রক্ষা পাওয়া সান্তোস এবার পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে। অবনমন অঞ্চলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকা দলটির লিগে বাকি রয়েছে আর মাত্র ছয়টি ম্যাচ।

সূত্র: ইএসপিএন।