...|...|...

খেলা

টেস্টে বাংলাদেশের সাফল্যে নতুন আশার কথা শোনালেন নাজমুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
টেস্টে বাংলাদেশের সাফল্যে নতুন আশার কথা শোনালেন নাজমুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যের প্রভাব পড়ছে দর্শক ও সংবাদমাধ্যমের আগ্রহেও। সাদা পোশাকের ক্রিকেটে দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্স নতুন প্রত্যাশা তৈরি করেছে। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনও বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবে। তবে বর্তমান সাফল্যে সন্তুষ্ট না থেকে দলকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য তার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি দেখে হাসিমুখে নাজমুল বলেন, ‘ভালো লাগছে টেস্ট ম্যাচেও এত সাংবাদিক আসছে।’ পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে সবাই এখন টেস্ট ক্রিকেটের জন্য অপেক্ষা করে, টেস্ট ক্রিকেট দেখে, টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলে। এটা অনেক বড় অনুপ্রেরণা আমাদের জন্য।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়টা বেশ সফল। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আবুধাবি টেস্ট পর্যন্ত ১৩ ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর হার চারটিতে। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে পাওয়া টেস্ট জয়।

এর আগে মে মাসে নিজেদের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও টেস্টে দলের পারফরম্যান্স আশাব্যঞ্জক। ফলে জাতীয় দলের কাছে সমর্থকদের প্রত্যাশার বড় একটি অংশ এখন টেস্ট ক্রিকেটকে ঘিরে।

দর্শকদের এই বাড়তি আগ্রহ দলের দায়িত্বও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন নাজমুল। বর্তমান অবস্থান থেকে আরও উন্নতি করাই তার লক্ষ্য। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, এখন যে অবস্থানে আছি এখান থেকে আরও ২০-৩০ শতাংশ উন্নতি করতে। সেটি করতে পারলে আমাদের দেশের জন্য ভালো, বাংলাদেশ দল যে অবস্থানে আছে, সেখান থেকে আরেকটু ভালো অবস্থানে যাবে।’

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে নতুন করে আশাবাদ তৈরি করেছে। এই সাফল্য দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়িয়েছে বলে মনে করেন অধিনায়ক। তবে তার মতে, টেস্টে ভালো করার মানসিকতা ডারউইনের জয়ের আগেই তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘ডারউইন টেস্ট জয়ের পরে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে, এটা খুব স্বাভাবিক। তবে তার আগে থেকেই খেলোয়াড়দের মধ্যে এই সংস্করণে ভালো করার আগ্রহ তৈরি হয়েছে। ডারউইন টেস্ট জয়ের পর সেটা আরও বেড়েছে। পাশাপাশি টেস্ট ম্যাচ কখন আসবে, কখন আমরা টেস্ট খেলব এই ব্যাপারটাও খেলোয়াড়দের মধ্যে অনেক বেড়েছে।’

এখন শুধু টেস্ট খেলার অপেক্ষা নয়, এই সংস্করণে ভালো করার তাগিদও দলের মধ্যে বাড়ছে। ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো ফল অর্জন করতে চান ক্রিকেটাররা। বর্তমান পারফরম্যান্সে সন্তুষ্ট না হয়ে উন্নতির জায়গাগুলো খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

নাজমুলের ভাষায়, ‘এটা ধরে রাখতে হবে, অনেক ভালো করার সুযোগ আছে। আমরা ভালো করছি, তবে আমরা খেলোয়াড়েরা এখনো সন্তুষ্ট নই। আমাদের মনে হয় এখান থেকে আরও উন্নতির সুযোগ আছে। কাজেই খেলোয়াড়দের পা মাটিতেই আছে। আরও কীভাবে ভালো করা যায়, তা নিয়েই আমরা ড্রেসিংরুমে কথা বলি। এটা একটা ইতিবাচক দিক।’