...|...|...

খেলা

বিশ্বকাপে ম্যাচ চলাকালে কী ঘটেছিল, যে কারণে মাঠ ছাড়ল ইংল্যান্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
বিশ্বকাপে ম্যাচ চলাকালে কী ঘটেছিল, যে কারণে মাঠ ছাড়ল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে বর্ণবাদী গালির অভিযোগ তুলে মাঝপথেই খেলা বন্ধ করে মাঠ ছেড়েছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫ দল। আজারবাইজানের বাকুতে প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন রেফারি। বিষয়টি খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সোমবার (২৬ অক্টোবর) গ্রুপ ‘সি’ এর ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। ইংল্যান্ডের একটি ফ্রি-কিককে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইংল্যান্ডের এক খেলোয়াড় মাঠের বাইরে গিয়ে দলের কর্মকর্তাদের জানান, প্রতিপক্ষের একজন তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তাকে ‘বানর’ বলে অপমান করা হয়েছিল।

এরপর ইংল্যান্ডের অধিনায়ক ওই সতীর্থকে নিয়ে মাঠের বাইরে যান এবং রেফারির সাথে কথা বলেন। পরে দলের প্রধান কোচ ম্যাট থর্প খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। ইংল্যান্ডের এক সহকারী কোচ রেফারিকে জানান, তারা বর্ণবাদের অভিযোগ তুলেছেন এবং আর খেলা চালিয়ে যেতে চান না। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংস্থাটি অবগত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগটিকে প্রমাণিত বর্ণবাদী আচরণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। এতে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। টুর্নামেন্টের ম্যাচগুলো হচ্ছে ছোট মাঠে, যেখানে প্রতি দলে আটজন করে খেলোয়াড় অংশ নেন। প্রতিটি ম্যাচের দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে জয় পেয়েছিল ইংল্যান্ডের যুবারা। ঘটনার দিনই জিম্বাবুয়ের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলার কথা ছিল।