রাস্তায় জার্মান শেফার্ড কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন আর্সেনাল ও লিভারপুলের সাবেক উইঙ্গার জার্মেইন পেনান্ট। এ ঘটনায় তার ডান পায়ে ৫০টিরও বেশি সেলাই দিতে হয়েছে। তবে নিজের পোষা কুকুর ‘কিং’ এর সাহসী ভূমিকার কারণে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ৪৩ বছর বয়সী সাবেক এই ফুটবলার।
গত সপ্তাহে উত্তর লন্ডনে পোষা কুকুর কিংকে নিয়ে হাঁটার সময় এ হামলার শিকার হন পেনান্ট। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আহত পায়ের ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তার ডান পা ব্যান্ডেজে মোড়ানো দেখা যায়।
২০১৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া পেনান্ট ইনস্টাগ্রামে ঘটনার বিবরণ দিয়ে লেখেন, “একটি জার্মান শেফার্ড কুকুর আমাকে আক্রমণ করেছিল। আমার কুকুর কিংকে রক্ষা করার চেষ্টা করছিলাম আমি, কিন্তু আক্রমণকারী কুকুরটি আমার পায়ে কামড়ে ধরে।
“আমি মাটিতে পড়ে যাই, আর কুকুরটি আমাকে কামড়ে ধরে ছিল, ছাড়ার কোনো লক্ষণই ছিল না। ঠিক তখনই কিং এগিয়ে আসে... সে ওই কুকুরটির সাথে লড়াই করে আমাকে বাঁচায়। পরিস্থিতিটি ভয়াবহ হতে পারত, কিন্তু কিং আমাকে রক্ষা করেছে।”
পেনান্ট জানান, আক্রমণকারী কুকুরটির সাথে লড়াই করতে গিয়ে তার পোষা কিংয়ের পায়েও সামান্য আঘাত লাগে। নিজের জীবন রক্ষায় কিংয়ের ভূমিকার প্রশংসা করে তিনি আরও লেখেন, “আমার বীর, সে এখনও আমাকে রক্ষা করার চেষ্টা করছে, আমার খেয়াল রাখছে। কিং, তুমি একজন কিংবদন্তি, তোমাকে অনেক ভালোবাসি। কুকুর সত্যিই মানুষের সেরা বন্ধু।”
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-কে পেনান্ট জানান, কুকুরটির কামড়ে তার ডান পায়ে চারটি ক্ষত তৈরি হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় পায়ে ৫০টিরও বেশি সেলাই দিতে হয় তাকে।
এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।



