...|...|...

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল শিশুর

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৬
Shares
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল শিশুর

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা। ছবি: টাইমস টুডে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মতিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে নিহত শিশুর নাম জায়ান (৪)। সে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাসিন্দা মুহিবুর রহমান দিপুর ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে আসার পথে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জায়ানের মৃত্যু হয়।

এ সময় গাড়িতে থাকা নিহতের বড় ভাই, তার মা ও গাড়িচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।