পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি গোপালগঞ্জে ফিরছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস (৩৫)। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


