...|...|...

রাজনীতি

নিষিদ্ধ হলেও পাবনা-নাটোরে যুবলীগের নতুন কমিটি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২০
Shares
নিষিদ্ধ হলেও পাবনা-নাটোরে যুবলীগের নতুন কমিটি

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পাবনা ও নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৮২-সদস্যের আংশিক কমিটি এবং নাটোরের কমিটি বিলুপ্ত করে ৭৬-সদস্যের নতুন আহ্বায়ক কমিটি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুবলীগের উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাবনা জেলা যুবলীগের নতুন কমিটিতে নাজমুল আলম পিয়ালকে সভাপতি এবং তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে নাটোর জেলা যুবলীগের ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটিতে বাশিরুর রহমান চৌধুরী এহিয়াকে আহ্বায়ক এবং মো. শরিফুর রহমান সুমন, মো. জামিল হোসেন মিলন, রিয়াজুর ইসলাম মাসুম, রাকিবুল হাসান জেমস, মো. মায়া পারভেজ সোহান ও আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই সাথে আহ্বায়ক কমিটিকে ১৮০ দিনের মধ্যে জেলার অধীনস্থ সব শাখার সম্মেলন শেষ করে জেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে পাবনা ও নাটোরের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন সংঘটনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।