...|...|...

খেলা

নির্ধারিত হয়ে গেছে পরবর্তী ব্যালন ডি’অর বিজয়ী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪০
Shares
নির্ধারিত হয়ে গেছে পরবর্তী ব্যালন ডি’অর বিজয়ী

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ভোট গ্রহণ পর্ব আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে। বিজয়ী নির্বাচনে ভোট দেওয়ার দায়িত্বে থাকা বিশ্বজুড়ে নির্বাচিত সাংবাদিকেরা আর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। ফলে ব্যালন ডি’অর কার হাতে উঠছে, জমা পড়া ভোটের ভিত্তিতে সেই ফয়সালা হয়ে গেল আজই।

ভোট গ্রহণের সময়সীমা শেষ হওয়ায় এখন থেকে মাঠে খেলোয়াড়দের নতুন কোনো পারফরম্যান্স আর এই পুরস্কারের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারবে না। চূড়ান্ত নাম ঘোষণার আগপর্যন্ত এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা।

চলতি বছরের পুরস্কার ঘিরে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শুরু থেকেই নাম ছিল ফুটবল বিশ্বের সেরা কিছু তারকার। লিওনেল মেসি, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপের মতো ফুটবলাররা পারফরম্যান্স দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন। তবে জুরি সদস্যদের চূড়ান্ত ভোটে কে কাকে পেছনে ফেলেছেন, তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্যালন ডি'অর ২০২৬ বিজয়ীর নাম উন্মোচন করা হবে। ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, মূল অনুষ্ঠানের আগে বিজয়ী সম্পর্কিত ছড়ানো কোনো তথ্য বা পূর্বাভাসই চূড়ান্ত হিসেবে গণ্য হবে না।