মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ইউএস সকার ফেডারেশন ফুটবলারদের কাছে পাঠানো এক চিঠিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের দলটির টুর্নামেন্ট-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে অংশগ্রহণ দুটিই বাতিল করা হয়েছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে ফেডারেশন জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
সিদ্ধান্তের পেছনে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। একই সাথে কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের জন্য দেওয়া নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়ার কথা রয়েছে ফেডারেশনের। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত মাসে কাতার নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের আশঙ্কায় দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়। ওই সতর্কবার্তায় সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও তুলে ধরা হয়। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো আক্রমণও রয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেওয়ার কথা ৪৮টি দলের। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও আলজেরিয়া। কাতারে অনুষ্ঠিত আগের আসরে শেষ ৩২-এ খেলেছিল যুক্তরাষ্ট্র।


