নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতা ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মল্লিকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর বাগাতিপাড়া মডেল থানায় দায়ের করা ৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কায়সার ওয়াদুদ বাবরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, বাগাতিপাড়া থানা এলাকায় নাশকতার পরিকল্পনা করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


