খাগড়াছড়ির রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকূল এলাকায় ফেনী নদী থেকে অংথইপ্রু মারমা (৬৫) নামে বিডিআরের সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গরুর জন্য ঘাস কাটতে নদীর পাড়ে গিয়ে নিখোঁজ হন অংথইপ্রু। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার রক্তাক্ত লাশ দেখতে পান স্বজনরা। সকাল ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত অংথইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে অব্যাহতি নেওয়া একজন ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ডোলবাড়ি এলাকার ২২১৪/১৮ এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান অংথইপ্রু। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালেও স্বজনরা স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বরই বাগানসংলগ্ন সীমান্তবর্তী নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার লাশ দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে থংগো মারমা জানান, শুক্রবার থেকে বাবার খোঁজ না পেয়ে রাতে এবং শনিবার সকালে স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন তারা। পরে সকালে ভারতের টোলবাড়ি অংশে নদীতে ডুবন্ত অবস্থায় বাবার রক্তাক্ত লাশ দেখতে পান। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল।
থংগো মারমা অভিযোগ করে বলেন, বিএসএফ তার বাবাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাবশত কংক্রিটের ব্লকে পড়ে তার মৃত্যু হয়েছে, তা তারা নিশ্চিত নন। কীভাবে তার বাবার মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান তিনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে নদীর অংশটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে।
ওসি আরও জানান, নিহতের ছেলে মামলা করবেন বলে জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।


