শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) এবং শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ২৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


