প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৫ দিনে প্রবাসীরা মোট ২৫৬ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা।
এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে এসেছে ৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।
নভেম্বরের পাশাপাশি চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।
সব মিলিয়ে নভেম্বরের প্রথম ২৫ দিন এবং চলতি অর্থবছরের প্রথম প্রায় পাঁচ মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক চিত্র তুলে ধরছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো এই অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


