...|...|...

জাতীয়

বিদেশে গ্রেফতার থেকে মৃত্যুদণ্ড, প্রবাসীদের সুরক্ষায় কী বলছে আইন?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০০
Shares
বিদেশে গ্রেফতার থেকে মৃত্যুদণ্ড, প্রবাসীদের সুরক্ষায় কী বলছে আইন?

ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক গ্রেফতার হলে তার আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব কার? বিচার চলাকালে নিজ দেশের দূতাবাস কতটা সহায়তা করতে পারে? সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এসব প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

বিদেশে বাংলাদেশিদের আইনি জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে গিয়ে হত্যা মামলায় গ্রেফতার হন বাগেরহাটের বাদল ফরাজি। ২০১৫ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ভারতের একটি আদালত। প্রায় ১০ বছর কারাভোগের পর ২০১৮ সালে বন্দী স্থানান্তর চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

বিদেশে গ্রেফতার হলে কী কী অধিকার রয়েছে?

বিদেশে আটক বাংলাদেশি নাগরিকের গ্রেফতার কারণ জানা, আইনজীবীর সহায়তা নেওয়া, আত্মপক্ষ সমর্থন এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী আপিলের অধিকার রয়েছে।

১৯৬৩ সালের কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি নাগরিককে গ্রেফতার পর নিজ দেশের দূতাবাসের সাথে যোগাযোগের অধিকার সম্পর্কে জানাতে হবে। আটক ব্যক্তি অনুরোধ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দূতাবাসে আটকের খবর পৌঁছে দিতে হবে।

বাংলাদেশের আইনে কী বলা হয়েছে?

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ২৭ ধারায় অভিবাসী কর্মীদের যুক্তিসংগত আইনি সহায়তা পাওয়ার অধিকার দেওয়া হয়েছে। একই আইনের ২৯ ধারায় বিপদগ্রস্ত প্রবাসী কর্মীদের সহায়তা ও দেশে ফিরিয়ে আনার বিধান রয়েছে।

মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দূতাবাস কী করতে পারে?

বিদেশের আদালতের রায়ে সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা বাংলাদেশ দূতাবাসের নেই। তবে আটক ব্যক্তির সাথে সাক্ষাৎ, স্থানীয় আইনজীবী খুঁজে দেওয়া, পরিবারের সাথে যোগাযোগ এবং মামলার অগ্রগতি পর্যবেক্ষণে সহায়তা করতে পারে দূতাবাস।

মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী আপিল, ক্ষমার আবেদন ও দণ্ড কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ থাকতে পারে।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ উঠেছে, বিচার চলাকালে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানানো হয়নি। ফলে তারা যথাযথ আইনি ও কনস্যুলার সহায়তা পেয়েছিলেন কি না, সেই প্রশ্নও উঠেছে।

বিদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান রেখেও বাংলাদেশি নাগরিকদের আইনি অধিকার সুরক্ষায় রাষ্ট্রের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো গুরুতর পরিস্থিতিতে সময়মতো কূটনৈতিক যোগাযোগ ও আইনি সহায়তা গুরুত্বপূর্ণ। তবে এসব উদ্যোগের ফলাফল নির্ভর করে সংশ্লিষ্ট দেশের আইন ও মামলার বিচারিক পরিস্থিতির ওপর।