নিজের বাসায় সৌরবিদ্যুৎ স্থাপন করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করার উদ্যোগ
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশের মানুষকে উৎসাহিত করতে সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবনে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসভবনে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মন্ত্রীর বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করা। এর মাধ্যমে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের এ ব্যবস্থা পরিবেশবান্ধব। দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে।
এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সহধর্মিণী এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। আশা করছি, এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে মানুষ নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশ ও মানুষের উপকার হবে।


