ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে একটি স্বর্ণালংকারের শোরুম থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী। তদন্তে এখন পর্যন্ত প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার হয়েছে। তবে মামলার মূল অভিযুক্ত নিশান্ত এখনও পলাতক।
শনিবার (১৪ নভেম্বর) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমটিতে গত বৃহস্পতিবার সকালে কর্মীরা কাজে এসে চুরির ঘটনা দেখতে পান। আগের রাতে দোকানে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার অলংকার নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। শোরুমটি গত ১৪ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল।
প্রাথমিক হিসাব অনুযায়ী, বিক্রির জন্য প্রদর্শিত মোট অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা একজনকে দোকানের ভেতরে দেখা গেছে।
পুলিশের দাবি, ঘটনার মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার। তার বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সাথে মিলে চুরির পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এখনও তাকে ধরতে পারেনি পুলিশ।
তদন্তকারীদের ধারণা, ভবনটিতে লিফট স্থাপনের কাজ চলায় তৈরি হওয়া একটি ফাঁকা অংশ ব্যবহার করে শোরুমে ঢুকেছিল চোর। এ কারণে লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে।
চুরির সাথে জড়িতদের শনাক্ত করতে এর আগে নয়টি বিশেষ তদন্ত দল গঠন করে পুলিশ। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দোকানের ভেতরের কেউ এ ঘটনায় সহযোগিতা করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে চুরির কারণে বিপাকে পড়েছেন পান্ডি নামের এক ক্রেতা। বন্ধুর বিয়ের জন্য তিনি কিছু গয়না কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে এসে জানতে পারেন, তার কেনা অলংকারও চুরি হয়ে গেছে। পরে শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের গয়না দেওয়ার আশ্বাস দিয়েছে।
এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী।
তিনি দ্রুত ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


