...|...|...

সারাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪০
Shares
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা

উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার জাহান বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রথমে তীব্র এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ২০ নভেম্বর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি অথবা দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।