...|...|...

জাতীয়

ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, রাত ১১:১৭
Shares
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিককে বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সবার আগে পরিচয় বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন ও ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত না করে সবাইকে সমান মর্যাদার নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানেও বিভিন্ন ধর্মের মানুষ অংশ নিয়েছেন। তাই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে বাংলাদেশি হিসেবে একসাথে দেশ গঠনে কাজ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে কাউকে এসব অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। উপাসনালয়, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি পালনের ক্ষেত্রেও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠীকে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

দুর্গাপূজার আয়োজন ও ছুটির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা, বরাদ্দ, নিরাপত্তা ও ছুটির ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার ছুটি বাড়ানোর দাবি প্রধানমন্ত্রী মঞ্জুর করেছেন বলেও জানান তিনি। আগামী বছর অন্যান্য ধর্মীয় উৎসবের ছুটির দাবিসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও নির্যাতনের বিভিন্ন অভিযোগও তুলে ধরেন তিনি। এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে অতীতে মন্দিরের জমি দখল ও লুটপাটের অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। ঢাকেশ্বরী মন্দিরের বেদখল জমি উদ্ধারের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করতে চায়। পারস্পরিক আস্থা ও বিশ্বাস বজায় রেখে সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।