...|...|...

অর্থনীতি

র‍্যাপিডের গবেষণা

ধনীর চেয়ে গরিবের ওপর ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৮
Shares
ধনীর চেয়ে গরিবের ওপর ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি

ছবি: সংগৃহীত

ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের আয়ের বড় অংশ ভ্যাট পরিশোধে চলে যাচ্ছে। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা হয়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ধনীদের তুলনায় দরিদ্রদের আয়ের অনুপাতে ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, দেশের করব্যবস্থায় আয়ের বৈষম্যের পাশাপাশি সম্পদ বণ্টনের বৈষম্যও প্রকট।

গবেষণা অনুযায়ী, গ্রামীণ এলাকার দরিদ্রতম পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাট হিসেবে চলে যায়। অন্যদিকে শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ।

ব্যক্তিগত আয়করের বোঝা মূলত উচ্চ আয়ের পরিবারগুলোর মধ্যে কেন্দ্রীভূত। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ১১ দশমিক ০৩ শতাংশ আয়কর হিসেবে দিতে হয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় সাধারণত করযোগ্য সীমার নিচে থাকায় তাদের প্রায় কোনো আয়কর দিতে হয় না। সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর নেই।

গবেষণায় আরও বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা।

র‍্যাপিডের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত আয়করের আওতায় নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যাও অত্যন্ত কম। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) মধ্যেও আয়কর রিটার্ন জমা দেওয়ার হার সীমিত। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ। ফলে অনেক করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণায় উঠে এসেছে, আয়ের তুলনায় সম্পদ বণ্টনে বৈষম্য আরও বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।

গবেষণায় বলা হয়েছে, নতুন কোনো কর আরোপ বা করের হার না বাড়িয়েও শুধু বিদ্যমান আইন প্রয়োগ, করের আওতা সম্প্রসারণ এবং কর ফাঁকি রোধের মাধ্যমে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ২০২৩ সালের ৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

গবেষণার প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে আদায় না হওয়া ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। এর বিপরীতে প্রকৃত আদায় ছিল মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ। অভ্যন্তরীণ ভ্যাটের ক্ষেত্রে সম্ভাব্য রাজস্ব ও প্রকৃত আদায়ের হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৮২ ও ১ দশমিক ৮০ শতাংশ। এ প্রাক্কলনে করপোরেট আয়কর ও আমদানি পর্যায়ের ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি।

র‍্যাপিডের মতে, অপর্যাপ্ত ব্যবসায়িক নিবন্ধন, বিক্রির তথ্য গোপন এবং সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। করের হার না বাড়িয়ে পরিপালন ব্যবস্থার উন্নতি ও কঠোর তদারকির মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আয় করা সম্ভব।

র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

গবেষকরা আয়কর আদায়ের ক্ষেত্রে উচ্চ আয়ের ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে করের আওতা সম্প্রসারণ, ভ্যাট সংগ্রহ ব্যবস্থার উন্নতি, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি বিবেচনার সুপারিশ করেছেন। পাশাপাশি কর আদায়ে জবরদস্তিমূলক ব্যবস্থা বন্ধ, কর প্রশাসনের আধুনিকায়ন, সরকারি ব্যয়ের গুণগত মান উন্নয়ন, করদাতাদের হয়রানি রোধ, দুর্নীতি দমন এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার।