...|...|...

অন্যান্য

চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা

ছবি: সংগৃহীত

চাঁদে দীর্ঘমেয়াদি অভিযানে খাদ্যের জোগান নিশ্চিত করতে নতুন সম্ভাবনার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের একদল গবেষক চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে সফলভাবে আলু চাষ করেছেন। তবে এটি প্রকৃত চাঁদের মাটি নয়, বরং চন্দ্রপৃষ্ঠের মাটির বৈশিষ্ট্য অনুসরণ করে গবেষণাগারে তৈরি বিশেষ মাটি।

পৃথিবীর উপগ্রহ চাঁদে দীর্ঘ সময় অবস্থান এবং ভবিষ্যতে বসতি গড়ার পরিকল্পনা করছে মানুষ। কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ খাদ্যের জোগান। দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে পৃথিবী থেকে প্রয়োজনীয় সব খাবার নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। তাই চাঁদেই খাদ্য উৎপাদনের কৌশল খুঁজছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর মাটির সাথে চাঁদের মাটির মৌলিক পার্থক্য রয়েছে। পৃথিবীর মাটিতে থাকা জৈব পদার্থ চাঁদের মাটিতে নেই। চন্দ্রপৃষ্ঠের এই মাটিকে বলা হয় ‘লুনার রিগোলিথ’। এটি মূলত গুঁড়ো পাথর ও ধুলোর মিশ্রণ। কোটি কোটি বছর ধরে চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের ফলে এসব উপাদান তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ-জীববিজ্ঞানী অ্যামেরিক গয়ার ও তার সহযোগীরা কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে আলু চাষের এই গবেষণা চালান। এতে সহায়তা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু আগ্নেয়গিরির শিলা ও খনিজ পদার্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে গুঁড়ো করে, ছেঁকে এবং তাপ দিয়ে প্রক্রিয়াজাত করে কৃত্রিম মাটি তৈরি করেন। চাঁদের মাটির সাথে সাদৃশ্য থাকায় একে বলা হয় ‘সিমুলেটেড রিগোলিথ’।

তবে চাঁদের রিগোলিথে নাইট্রোজেন না থাকায় সেখানে সরাসরি ফসল উৎপাদন কঠিন। গবেষণায় ব্যবহৃত কৃত্রিম মাটিতেও নাইট্রোজেন ছিল না। এ সমস্যা সমাধানে বিজ্ঞানীরা মাটির সাথে বিভিন্ন অনুপাতে জৈব সার মিশিয়ে পরীক্ষা চালান।

পরীক্ষায় দেখা যায়, কৃত্রিম আলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণ জৈব সার মেশানো রিগোলিথে আলু উৎপাদন সম্ভব। জৈব সার ছাড়া কৃত্রিম মাটিতে আলুগাছের শিকড় বা কন্দ তৈরি হয়নি। অন্যদিকে ৯৫ শতাংশ রিগোলিথের সাথে ৫ শতাংশ জৈব সার মেশানো মাটিতে আলুগাছের শিকড় ও কন্দ তৈরি হয়েছে।

এ ছাড়া ৩০ শতাংশ জৈব সার মেশানো রিগোলিথে উৎপাদিত আলু দেখতে পৃথিবীর মাটিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওরেগন অঞ্চলে উৎপাদিত আলুর মতো হয়েছে।

গত বৃহস্পতিবার ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। গ্রিনহাউসে সূর্যের আলো ও কৃত্রিম আলো ব্যবহার করে পরীক্ষাটি চালান বিজ্ঞানীরা। এ সময় দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছিল।

গবেষণায় ‘মোডক’ নামের বিশেষ জাতের আলু ব্যবহার করা হয়। তুলনামূলক দ্রুত ফলন দেওয়ার জন্য এ জাতটি বেছে নেন গবেষকরা। গবেষকদলের প্রধান অ্যামেরিক গয়ার বলেন, ‘অন্য অনেক ফসলের তুলনায় নির্দিষ্ট পরিমাণ জমিতে অনেক বেশি ক্যালোরির জোগান দিতে পারে আলু। এটি খুবই পুষ্টিকর। কলার চেয়েও বেশি পটাশিয়াম থাকে এতে। রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং প্রোটিন। এটি খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে।’

তবে গবেষণায় উৎপাদিত আলুর স্বাদ পরীক্ষা করা হয়নি। গয়ার জানিয়েছেন, উৎপাদিত সব আলু গবেষণাগারে পাঠানো হয়েছে। সেখানে সেগুলো বিশ্লেষণ করা হবে।

চাঁদের মাটিতে খাদ্য উৎপাদন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও গবেষণা চলছে। গত মার্চে জৈব সার মেশানো কৃত্রিম রিগোলিথে ছোলা চাষের একটি গবেষণার তথ্য প্রকাশিত হয়। এ ছাড়া টমেটো, শাক ও শিমজাতীয় উদ্ভিদ নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা।

চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে আলু উৎপাদনের এই সাফল্য মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রকৃত চন্দ্রপৃষ্ঠের মাটিতে এই পদ্ধতি কতটা কার্যকর হবে এবং উৎপাদিত খাবার মানুষের জন্য কতটা নিরাপদ, তা জানতে আরও গবেষণার প্রয়োজন।