...|...|...

সারাদেশ

দ্বিতীয় বিয়েসহ যেসব কারণে প্রবাসী ছেলেকে ঘরে উঠতে দেননি বাবা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:১২
Shares
দ্বিতীয় বিয়েসহ যেসব কারণে প্রবাসী ছেলেকে ঘরে উঠতে দেননি বাবা

নিজের ঘরের সামনে সৌদি প্রবাসী যুবক রাব্বি। ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি এলাকায় সৌদি আরব থেকে দেশে ফিরে নিজের ঘরেই উঠতে পারছেন না নজরুল ইসলাম রাব্বি নামে এক প্রবাসী যুবক। গত ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার পর ছয় দিন পেরিয়ে গেলেও দ্বিতীয় বিয়ের কারণে বাবার বাড়ির ঘরে থাকতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

রাব্বির অভিযোগ, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর পরিবারের সাথে সময় কাটাতে দেশে ফেরেন তিনি। কিন্তু বাড়িতে আসার পর বাবা জামাল উদ্দিন তাকে ঘরে ঢুকতে বাধা দেন। ফলে নিজের বাড়িতে থেকেও ঘরের বাইরে থাকতে হচ্ছে তাকে। কখনো বাড়ির আশপাশে, আবার কখনো অন্যের সহযোগিতায় দিন কাটাচ্ছেন তিনি।

প্রবাসী রাব্বি জানান, বিদেশে থাকাকালে পরিবারের জন্য অর্থ উপার্জন করে দেশে ফিরেছেন। তার আয়ের টাকা দিয়েই বাড়ির ঘর নির্মাণ করা হয়েছে বলে দাবি তার। অথচ দেশে ফিরে সেই ঘরেই থাকার সুযোগ পাচ্ছেন না তিনি।

রাব্বির আরও অভিযোগ, তার বোনকেও নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন বাবা জামাল উদ্দিন।

তবে ছেলের এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাল উদ্দিন। তিনি বলেন, ও আমার ছেলে না। আমি তাকে ছেলে বলে স্বীকার করি না। তার দাবি, প্রায় আড়াই বছর আগে রাব্বির মায়ের সাথে তার ছাড়াছাড়ি হয়েছে। এরপর রাব্বি তাকে প্রায় আড়াই বছর নিজের বসতবাড়িতে ঢুকতে দেননি। তাই এখন নিজের বসতঘরে তাকে কেন ঢুকতে দেবেন এমন প্রশ্ন তুলে তিনি রাব্বির বিরুদ্ধে থানায় অভিযোগ করার কথাও জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। দুজনের কেউ কাউকে স্বীকার করছেন না বলেও জানান তারা। স্থানীয়দের দাবি, রাব্বির বাবা একাধিকবার বিয়ে করেছেন। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে রাব্বির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে বৈঠক হয়েছে। সেখানে রাব্বি দাবি করেছেন, তার উপার্জনের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। এখন তিনি ওই ঘরেই থাকতে চান।

ওসি জানান, জামাল উদ্দিনের বক্তব্য হলো তিনি নতুন বিয়ে করেছেন এবং রাব্বির মায়ের সাথে তিন বছর আগে তার বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সময় ধরে রাব্বির সাথে তার যোগাযোগও ছিল না। এ অবস্থায় হঠাৎ করে তাকে ঘরে জায়গা দেওয়া সম্ভব নয়। তবে অন্যত্র জায়গা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সেখানে রাব্বি চাইলে ঘর তৈরি করে থাকতে পারবেন।

ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রবাসী রাব্বি পারিবারিক আইনে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।