...|...|...

বিশ্ব

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চালু করল জাপান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, সকাল ৯:৫০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চালু করল জাপান

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো একটি কেন্দ্রীভূত গোয়েন্দা সংস্থা চালু করেছে জাপান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো (এনআইভি), যা দেশটির পুরোনো ও বিচ্ছিন্ন গোয়েন্দা কাঠামোর পরিবর্তে কাজ করবে। খবর সিএনএনের।

নতুন এই উদ্যোগকে কেউ কেউ জাপানের দীর্ঘদিনের শান্তিবাদী নীতি থেকে সরে যাওয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের কারণে জাপানের জন্য শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা তৈরি করা এখন জরুরি।

বর্তমানে জাপানের প্রধান গোয়েন্দা সংস্থা ছিল ক্যাবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিস (CIRO)। এতে প্রায় ৭০০ কর্মী থাকলেও এর ক্ষমতা ও সমন্বয় ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা ছিল। নতুন ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে তথ্য ভাগ করে নিতে হবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, গোয়েন্দা সংস্কারের এটি কেবল প্রথম ধাপ। তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি ও যুদ্ধের নতুন কৌশল মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।

নতুন সংস্থাটি সন্ত্রাসবাদ প্রতিরোধ, জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বিদেশি গুপ্তচরবৃত্তি ও গোপন প্রভাব ঠেকাতে কাজ করবে।

বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে গোয়েন্দা কাঠামো সীমিত রাখা হয়েছিল, কারণ দেশটিকে গণতান্ত্রিক করার অংশ হিসেবে সামরিক ও গোয়েন্দা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। এর ফলে বর্তমানে দেশটিতে নিজস্ব বৈদেশিক গোয়েন্দা সংস্থা বা গুপ্তচরবৃত্তি-বিরোধী আইন নেই।

নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, এই দুর্বলতার কারণে জাপান তথ্য ফাঁসের ঝুঁকিতে রয়েছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগিতেও সমস্যার মুখে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন গোয়েন্দা ব্যুরো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সিআইএ বা যুক্তরাজ্যের এমআই৬-এর মতো শক্তিশালী বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের পথ তৈরি করতে পারে।