...|...|...

জাতীয়

দেশের সব এসপির সাথে বৈঠক, যে নির্দেশনা দিলেন আইজিপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ১১:১০
Shares
দেশের সব এসপির সাথে বৈঠক, যে নির্দেশনা দিলেন আইজিপি

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সাথে গোয়েন্দা নজরদারি জোরদার এবং টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। এতে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন আইজিপি। দুষ্কৃতকারীদের পেশাদারত্বের সাথে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন আইজিপি। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়া হয়।