জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা এখানে এসে জানতে পারলাম, রাষ্ট্রপতি চুপ্পু শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা এই জুলাই পদযাত্রা থেকে বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যাতে কোনভাবেই সেইফ একজিট বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে নেত্রকোণা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এই ফ্যাসিস্টের দোসরকে গ্রেফতার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথে আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোণাবাসীকে পাশে চাই।’
এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি নির্বাচনের পূর্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
নেত্রকোণা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন - এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এসময় আরও বক্তব্য দেন - জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম, জেলা এনসিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।


