শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বান্দরবানে বিভিন্ন মন্দির ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর সৈয়দ রবিউল ইসলাম। এ সময় বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন নাতিক শেখ তাকি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার জন্য বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বান্দরবান সেনা জোন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করাও এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সেনাবাহিনীর সাথে স্থানীয় জনগণের সুসম্পর্ক বজায় রাখতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।


