...|...|...

সারাদেশ

টাকা যায় ঘনিষ্ঠ বন্ধুর অ্যাকাউন্টে

দুই লাখ দেনমোহরে বিয়ে, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৮:০২
Shares
দুই লাখ দেনমোহরে বিয়ে, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা

আরএমপির আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার ও তার ঘনিষ্ঠ বন্ধু সাইফুল। ছবি: সংগৃহীত

বিয়ের কাবিননামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল দুই লাখ টাকা। এর মধ্যে বিয়ের দিন পরিশোধ করা হয় মাত্র ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্বামী পুলিশ পরিদর্শক মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার।

২০২২ সালের ৩০ আগস্ট মাহবুব আলম ও সাবিহা আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। ওই দিনই সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়া হয়। এই অর্থের জোগান দিতে নিজের এফডিআর ভাঙার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করতে হয়েছিল মাহবুব আলমকে।

তবে সরাসরি সাবিহার ব্যাংক হিসাবে টাকা জমা হয়নি। তার ঘনিষ্ঠ বন্ধু ও রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলামের মাধ্যমে অর্থের লেনদেন হয়। মাহবুব আলমের কাছ থেকে নগদে টাকা নিয়ে সাইফুল নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করেন। পরে সেখান থেকে পুরো ৫০ লাখ টাকা সাবিহার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের এই অর্থ জমা হওয়ার বিষয়টি সামনে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও টাকার উৎস সম্পর্কে সাবিহা ও সাইফুলের পক্ষ থেকে তখন কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সেখানে তিনি অর্থ লেনদেনের বিষয়টি পরিষ্কার করেন। সাইফুল জানান, সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের দিনই তার মাধ্যমে ৫০ লাখ টাকা লেনদেন হয়েছিল।

সংবাদ সম্মেলনে বিবাহবিচ্ছেদের কাগজপত্রও দেখান সাইফুল। তিনি স্বীকার করেন, এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেন করা তার ঠিক হয়নি।

এদিকে সাবিহা ও মাহবুব আলমের বিয়ের নিকাহনামা পর্যালোচনায় দেখা যায়, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল দুই লাখ টাকা। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেটের মূল্য বাবদ ১০ হাজার টাকা পরিশোধ দেখানো হয়। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

দেনমোহরের পরিমাণ দুই লাখ টাকা হলেও বিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা দেওয়ার কারণ কী, সংবাদ সম্মেলনে সাইফুলের কাছে তা জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

অর্থ লেনদেনের বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। সাবিহাকে বিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সাবেক স্ত্রীকে নিয়ে এখন কিছু বলতে চান না। সময় হলে সবকিছু জানাবেন।