...|...|...

বিশ্ব

দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, যন্তর মন্তরে বিক্ষোভের আগেই ধ্রুব রাঠি আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৩
Shares
দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, যন্তর মন্তরে বিক্ষোভের আগেই ধ্রুব রাঠি আটক

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজিপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে নজিরবিহীন ধরপাকড় শুরু করেছে মোদি সরকার। 

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠিকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস এবং নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার বিতর্কের জেরে শনিবার দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দেয় সিজিপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক

সিজেপির এই বিক্ষোভের প্রকাশ্য সংহতি জানিয়ে অংশ নেওয়ার কথা ছিল ভারতের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। তবে বিক্ষোভ শুরু হওয়ার আগেই নিউজ১৮-এর তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে আটটার দিকে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ তার পারিবারিক বাসভবনে হানা দেয় দিল্লি পুলিশ। পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করে নিয়ে যান। এর আগে বৃহস্পতিবার গভীর রাতেও তার বাড়ির বাইরে অর্ধশতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গিয়েছিল। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ বা কোন স্থানে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

দিল্লিতে ব্যাপক ধরপাকড় ও অবরুদ্ধ পরিস্থিতি

এদিকে বিক্ষোভ ঠেকাতে গত শুক্রবার রাত থেকেই দিল্লির ১৫টি পুলিশ জেলায় বিশেষ অভিযান শুরু হয়। অপরাধের রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের পাশাপাশি বিক্ষোভে অংশ নিতে পারেন—এমন সন্দেহভাজনদেরও তুলে নেওয়া হচ্ছে। শনিবার সকালে কনট প্লেস এলাকা থেকেই শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও পূর্বের শর্ত ভঙ্গের অজুহাত দেখিয়ে দিল্লি পুলিশ আগেই এই সমাবেশের অনুমতি দেয়নি। তবে সিজিপি নেতারা পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিক্ষোভের নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

‘সরকার তরুণদের ভয় পাচ্ছে’

অভিজিৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে অভিজিৎ দীপকে বলেছেন, সরকার দেশের তরুণ প্রজন্মকে এতটাই ভয় পাচ্ছে যে গোটা দিল্লিকে কার্যত একটি দুর্গে পরিণত করা হয়েছে। মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন বাতিল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, তরুণদের ভয়ে পুরো দেশটাই বন্ধ করে দিন। সরকার আজ নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধেই শক্তি প্রয়োগ করছে।

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিরোধীরা সরব হলেও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে।