...|...|...

বিশ্ব

আমাকে নোবেল না দেওয়ায় নরওয়ের গায়ে ‘কলঙ্কের দাগ’ লেগেছে: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৯
Shares
আমাকে নোবেল না দেওয়ায় নরওয়ের গায়ে ‘কলঙ্কের দাগ’ লেগেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নরওয়ের বিরুদ্ধে নিজের তীব্র ক্ষোভ ও অসন্তোষ আবারও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে একটি লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত বলে অভিহিত করে বলেছেন, এই সিদ্ধান্তের কারণে নোবেল কমিটি গঠনকারী দেশ নরওয়ের গায়ে একটি ‘স্থায়ী কলঙ্কের দাগ’ লেগে গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে নাভি পিল্লাইয়ের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই নরওয়ের প্রতি এই ক্ষোভ উগড়ে দেন ট্রাম্প। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভি পিল্লাই জাতিসংঘের একটি প্রতিবেদন তত্ত্বাবধান করেছিলেন, যাতে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে উপসংহার টানা হয়েছে।

নিউইয়র্কের সিরাকিউসে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প নাভি পিল্লাইকে একজন রহস্যময় ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, আমি এই মানুষটির নাম আগে কখনও শুনিনি। আর কেউ শোনেনি।

প্রেসিডেন্সির প্রতিটি মেয়াদেই নোবেল শান্তি পুরস্কার জিততে না পারার ব্যর্থতায় হতাশা প্রকাশ করে এসেছেন ট্রাম্প। তিনি বলেন, এটি নরওয়ে দেশের এবং যারা এই ধরনের একটি লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নিয়েছে, তাদের গায়ে একটি চিরস্থায়ী কলঙ্কের দাগ হয়ে থাকবে।

বক্তৃতায় তিনি বেশ কিছু সংঘাতের তালিকা তুলে ধরে দাবি করেন যে, সেগুলোর সমাধানে তিনি ভূমিকা রেখেছেন। কোনো প্রমাণ ছাড়াই তিনি বলেন যে, তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হওয়া রোধ করতে সহায়তা করেছেন।

ট্রাম্প আরও বলেন, একদল উগ্র মতাদর্শী, যারা গণতন্ত্রবিরোধী এবং সত্যিকার অর্থে সভ্যতার শত্রু, তারা নোবেল শান্তি পুরস্কারকে চিরতরে বিতর্কিত করে তুলেছে। আর নরওয়ে, আমরা তা ভুলব না।