...|...|...

জাতীয়

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার অভিযোগ, নির্বাচনি এলাকার মানুষ দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।

বিদ্যুৎ সংকট সমাধানে মন্ত্রীর দেওয়া আগের বক্তব্যের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, মন্ত্রী তার জবাবে জানিয়েছেন, ওই এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ করে এত বড় সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি।

এ বিষয়ে জয়নুল আবেদীন বলেন, ‘কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র দিয়ে এই বিশাল সমস্যার সমাধান হবে না। এখানে অন্ততপক্ষে ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা জরুরি।’

একই সাথে নির্বাচনি এলাকার মানুষের বিদ্যুতের দুর্ভোগ কবে নাগাদ কমবে, সেই প্রশ্নও তোলেন তিনি। বাবুগঞ্জ ও মুলাদীতে উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের কাজ কবে শুরু হবে এবং কত দিনের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে, বিদ্যুৎমন্ত্রীর কাছে তা স্পষ্টভাবে জানতে চান বরিশাল-৩ আসনের এই সংসদ সদস্য।