রেকর্ড দরপতনের পর স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। একদিকে আন্তর্জাতিক বাজারে টানা পাঁচ দিন ধরে স্বর্ণের দাম কমেছে, অন্যদিকে ভারতের যোধপুরে ২২ ক্যারেটের হলমার্কযুক্ত স্বর্ণালংকারে রেনিয়াম নামের বিরল ধাতু মেশানোর ঘটনা ধরা পড়েছে।
এতে স্বর্ণের বিশুদ্ধতা ও হলমার্ক সনদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ভারতের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে ভরিপ্রতি প্রায় ৯২ হাজার রুপি কমে যাওয়ার খবরও ক্রেতাদের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে নির্ধারিত দামে স্বর্ণ কিনেও ক্রেতারা কম বিশুদ্ধতার অলংকার পাচ্ছেন কি না, সেই প্রশ্ন সামনে এসেছে।
রবিবার (২২ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যোধপুরের ওই ঘটনায় ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণের সাথে প্রায় এক গ্রাম রেনিয়াম গুঁড়া মেশানো হয়েছিল। পরে ওই স্বর্ণ দিয়ে তৈরি অলংকারে ২২ ক্যারেটের হলমার্ক দেয়া হয়। কিন্তু পরীক্ষায় এর প্রকৃত স্বর্ণের পরিমাণ প্রায় ২০ ক্যারেট বলে অনুমান করা হয়েছে।
রেনিয়াম একটি বিরল ও ঘন ধাতু, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। স্বর্ণের চেয়েও ঘন হওয়ায় এটি মিশিয়ে অলংকারের ওজন বাড়ানো সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ে ব্যবহৃত এক্স-রে ফ্লুরোসেন্স বা এক্সআরএফ যন্ত্র ওই মিশ্রণ শনাক্ত করতে পারেনি। কারণ, এ পদ্ধতিতে মূলত অলংকারের উপরিভাগের উপাদান বিশ্লেষণ করা হয়। ফলে ভেতরে লুকানো উপাদান শনাক্ত না-ও হতে পারে।
তবে একটি ঘটনা দিয়ে হলমার্কযুক্ত সব স্বর্ণের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। ভারতের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসআই নির্ধারিত পরীক্ষাপদ্ধতি অনুসরণ করে স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ের কথা বলেছে।
ক্রেতাদের স্বর্ণ কেনার সময় বিএসআইয়ের লোগো, ২২ ক্যারেটের ক্ষেত্রে ৯১৬ বিশুদ্ধতার চিহ্ন এবং ছয় অক্ষরের হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বা এইচইউআইডি কোড যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। বিএসআই কেয়ার অ্যাপের মাধ্যমে কোডটির সত্যতাও পরীক্ষা করা যায়।
প্রয়োজনে স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে ফায়ার অ্যাসে পদ্ধতিতে স্বর্ণের বিশুদ্ধতা যাচাই করা সম্ভব। তবে এতে অলংকারের সামান্য নমুনা কেটে নিতে হয় এবং পরীক্ষার জন্য ২০০ রুপি ফি দিতে হয়।


