...|...|...

খেলা

দাবার চাল থেকে ফুটবলের মাঠ, বার্সায় নতুন রূপে গর্ডন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৯
Shares
দাবার চাল থেকে ফুটবলের মাঠ, বার্সায় নতুন রূপে গর্ডন

অ্যান্থনি গর্ডন। ছবি: সংগৃহীত

ফুটবলের মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি ভিন্নধর্মী জীবনযাপনের জন্যও আলোচনায় অ্যান্থনি গর্ডন। দাবা খেলা, বই পড়া, প্যাডেল টেনিস ও বক্সিংয়ের প্রতি আগ্রহী এই ইংলিশ ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে থাকতে পছন্দ করেন। বার্সেলোনায় যোগ দেওয়ার পর মাঠের পারফরম্যান্স ও পরিশ্রম দিয়ে দ্রুতই নিজের জায়গা তৈরি করছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৫ গোল করেছেন গর্ডন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে করেছেন জোড়া গোল। তার পারফরম্যান্স নিয়ে ক্লাবের ভেতরেও তৈরি হয়েছে ইতিবাচক আলোচনা।

বার্সেলোনায় আসার সিদ্ধান্ত নেওয়ার আগে লিভারপুল, চেলসি ও বায়ার্ন মিউনিখের আগ্রহ পেয়েছিলেন গর্ডন। তবে ক্রীড়া পরিচালক ডেকো ও কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনা তাকে কাতালান ক্লাবটিতে আসতে উৎসাহিত করে।

নতুন পরিবেশে মানিয়ে নিতেও আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন এই ইংলিশ তারকা। চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই স্প্যানিশ ভাষা শেখা শুরু করেন। বর্তমানে কাতালান ভাষার প্রতিও আগ্রহ দেখাচ্ছেন। সতীর্থ এরিক গার্সিয়া, দানি ওলমো ও পেদ্রির সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে।

মাঠে গর্ডনের সবচেয়ে বড় শক্তি তার পরিশ্রম ও প্রেসিং। বল দখলে না থাকলেও প্রতিপক্ষকে চাপে রাখতে তাঁর দৌড়ঝাঁপ দলের আক্রমণ ও রক্ষণে বাড়তি সুবিধা দিচ্ছে। এ কারণে ক্লাবের ভেতরে তাকে ‘আরেক রাফিনিয়া’ হিসেবেও দেখা হচ্ছে। তার পরিশ্রমে লামিনে ইয়ামালও আক্রমণে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ফুটবল-বুদ্ধি বাড়ানোর দিকেও মনোযোগী গর্ডন। বার্সেলোনার পাসনির্ভর খেলার সাথে মানিয়ে নিতে শিখছেন কখন ড্রিবল করবেন, কখন পাস দেবেন কিংবা কীভাবে বলের দখল ধরে রাখবেন। নিজের উন্নতির জায়গা স্বীকার করে তিনি বলেছেন, ‘আমি এখনো শিখছি।’

মাঠের বাইরে সমুদ্রের কাছাকাছি কাস্তেলদেফেলসে থাকছেন গর্ডন। দাবা, বই পড়া ও অন্যান্য শখ নিয়ে সময় কাটানোর সুযোগও পাচ্ছেন সেখানে। বার্সেলোনায় তার লক্ষ্য শুধু গোল করা নয়, দলের হয়ে শিরোপা জেতার পাশাপাশি বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নেওয়া।