১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি ও সময়সূচি প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। বিলম্ব ফি ছাড়া ফি জমার শেষ সময় ১ নভেম্বর। পরীক্ষা আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে।
রবিবার (৪ অক্টোবর) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ হার ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর (২৬ রবিউস সানি থেকে ২০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) পর্যন্ত সাধারণ সময়ে প্রযোজ্য হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যারা ফি জমা দিতে পারবেন না, তারা ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর (২১ থেকে ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।
দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২১ জানুয়ারি (১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি) এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি সোমবার (২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি)। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময়সূচির ক্ষেত্রে ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সব দাওরায়ে হাদিস (তাকমিল) মাদরাসার কর্তৃপক্ষ এবং পরীক্ষার জন্য নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
পরীক্ষার ফি কেবল আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।
ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট মাদরাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে।
নির্দিষ্ট কয়েকজন পরীক্ষার্থীর ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখানো হবে এবং সেখান থেকে পেমেন্টের মাধ্যম বেছে নেওয়া যাবে।
দাওরায়ে হাদিস (তাকমিল) কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর। ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে আল-হাইআতুল উলয়ার অধীন এ স্তরের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) ডিগ্রির সমমান দেওয়া হয়।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আল-হাইআতুল উলয়ার সফটওয়্যার অথবা ০৯৬১১-৬৩৪৭৩৪ নম্বরে যোগাযোগ করা যাবে।


